logo

পেনশনের টাকায় নিজ গ্রামে ‘ফ্রি শিশু উদ্যান’ বানালেন শিক্ষক শামসুর রহমান

পেনশনের টাকায় নিজ গ্রামে ‘ফ্রি শিশু উদ্যান’ বানালেন শিক্ষক শামসুর রহমান
শিশু উদ্যানে শিশুদের নিয়ে সাবেক শিক্ষক শিক্ষক শামসুর রহমান। ছবি: এশিয়া পোস্ট

অবসর জীবনের সঞ্চয় দিয়ে নিজ এলাকার শিশুদের জন্য নিরাপদ ও আনন্দময় বিনোদনের ব্যবস্থা করেছেন নওগাঁর সাপাহার উপজেলার অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শামসুর রহমান। পেনশনের জমানো ২৮ লাখ টাকা এবং বাড়ির পাশে ৯০ শতাংশ জমির ওপর গড়ে তুলেছেন ‘শামসুর রহমান শিশু উদ্যান’। পাশাপাশি উদ্যানের পাশেই ছায়াঘেরা বাগান ও জানাজা মাঠ তৈরি করে গ্রামীণ শিশুদের নিরাপদ বিনোদন ও স্থানীয়দের সামাজিক প্রয়োজনে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

দীর্ঘ ৩০ বছর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন শামসুর রহমান। শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিশুদের বেড়ে ওঠা ও মানসিক বিকাশকে তিনি বরাবরই গুরুত্ব দিয়েছেন। অবসরে যাওয়ার পর রাজশাহী শহরের স্থায়ী আবাসের স্বাচ্ছন্দ্য ছেড়ে সাপাহারের গ্রামের বাড়িতেই সময় কাটানোর সিদ্ধান্ত নেন তিনি। অবসরকালীন পেনশনের পুরো ২৮ লাখ টাকা ও নিজস্ব বাগান থেকে আসা অর্থ একত্রিত করে শুরু করেন শিশু উদ্যান নির্মাণের কাজ।

Advertisement

সাপাহারে শামসুর রহমানের বাড়ির পাশে ৯০ শতাংশ জমির ওপর গড়ে ওঠা এই উদ্যানটি সাজানো হয়েছে শিশুদের উপযোগী নানা সামগ্রী দিয়ে। দোলনা, স্লিপারসহ বিভিন্ন ধরনের খেলনা বসানো হয়েছে সেখানে। বিকেলে এবং ছুটির দিনগুলোতে স্থানীয় শিশু-কিশোররা ভিড় জমায় এই প্রাঙ্গণে। এতে গ্রামীণ জনপদে শিশুদের নিরাপদ খেলাধুলার একটি স্থায়ী ঠিকানা তৈরি হয়েছে।

শুধু খেলনা বা দোলনায় সীমাবদ্ধ রাখা হয়নি উদ্যানটিকে। চারপাশে প্রায় ১০০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের গাছ লাগানো হয়েছে, যা উদ্যানের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। উদ্যানের ভেতরে থাকা পুকুরের স্বচ্ছ জল পরিবেশে বাড়তি প্রশান্তি যোগ করে। বর্তমান প্রজন্মের শিশু ও তরুণদের কাছে গ্রামীণ অতীত ও কৃষি সংস্কৃতি তুলে ধরতে তিনি সংগ্রহ ও সংরক্ষণ করেছেন বিলুপ্তপ্রায় বিভিন্ন কৃষি উপকরণ।

দূর-দূরান্ত থেকে আসা প্রকৃতিপ্রেমী ও দর্শনার্থীদের বসার ও অবস্থানের সুবিধার্থে উদ্যান প্রাঙ্গণে তৈরি করা হয়েছে আধুনিক সুবিধাসংবলিত অতিথিশালা ও বৈঠকখানা। এ ছাড়া উদ্যানের পাশেই আরও ৯০ শতাংশ জমির ওপর একটি ছায়াঘেরা বাগান ও জানাজা মাঠ গড়ে তুলেছেন তিনি, যা স্থানীয় মানুষের সামাজিক ও ধর্মীয় প্রয়োজনে কাজে লাগছে।

নিজের সঞ্চয় এভাবে ব্যয় করার পেছনের ভাবনা জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শামসুর রহমান। তিনি এশিয়া পোস্টকে জানান, এই ছোট্ট সোনামণিদের সঙ্গে জীবনের ৩০টি বছর কাটিয়েছি। তাদের সেই নিষ্পাপ হাসিই আমার বেঁচে থাকার একমাত্র অক্সিজেন। জীবনের বাকি দিনগুলোও আমি ঠিক এভাবেই, ওদের মাঝেই কাটিয়ে দিতে চাই।

শিশু উদ্যান ও সংশ্লিষ্ট স্থাপনা নির্মাণের পরও থেমে নেই তার পরিকল্পনা। এখানেই শেষ নয় তার স্বপ্নের পরিধি। ভবিষ্যতে এই উদ্যানের পাশেই একটি বড় পাবলিক লাইব্রেরি গড়ার সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে তার। তার ইচ্ছা, এই পাঠাগারে শিশু দের পাশাপাশি এলাকার প্রাপ্তবয়স্করাও নিয়মিত বই পড়ার সুযোগ পাবেন এবং অবসর সময়কে জ্ঞানচর্চায় কাজে লাগাতে পারবেন।

শামসুর রহমানের এই উদ্যোগ ইতোমধ্যে সাপাহার ও আশপাশের এলাকায় প্রশংসা কুড়িয়েছে। নওগাঁ জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য পার্থ ফিরোজ কবির তাকে নিজের প্রিয় শিক্ষক হিসেবে উল্লেখ করে জানান, শামসুর রহমান স্যার তার প্রিয় শিক্ষক ছিলেন। তিনি যেমন পরিপাটি, তেমনই উদার মনের মানুষ। প্রতিদিন বিকেলে তার স্ত্রী ও সন্তানকে নিয়ে এখানে আসেন। এলাকার বেশির ভাগ মায়েদের কাছে এই উদ্যান এখন এক নির্ভরতার আশ্রয়।

তরুণদের কাছেও জায়গাটি সময় কাটানোর পছন্দের স্থানে পরিণত হয়েছে। সাপাহার সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রিপন হাসান বলেন, আমরা বন্ধুরা অবসরে প্রায়ই এখানে ছুটে আসি। এই সাজানো-গোছানো পরিবেশ আর সবুজ ছায়ায় দাঁড়ালে সত্যি সমস্ত ক্লান্তি দূর হয়ে মন ভালো হয়ে যায়। অবসর জীবনের সঞ্চয় দিয়ে গ্রামীণ শিশুদের জন্য খেলার মাঠ, প্রকৃতি সংরক্ষণ এবং সামাজিক স্থাপনা গড়ে তোলার এই কাজ সাপাহারে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।