logo

মব কালচার বরদাস্ত করা হবে না: এসপি মামুন

মব কালচার বরদাস্ত করা হবে না: এসপি মামুন

মব কালচারের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আল মামুন শিকদার বলেছেন, মব কালচার বরদাস্ত করা হবে না। নিজ হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা কোনোভাবেই সহ্য করা হবে না। আইন নিজের গতিতেই চলবে। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাকে কঠোরভাবে আইনের আওতায় আনা হবে।  

বুধবার (১ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন এবং জনসেবামুখী পুলিশিং জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন তিনি।

এসপি মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, পুলিশকে স্বমহিমায় উজ্জীবিত হয়ে জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে। আমরা এমন একটি নিরাপদ নড়াইল গড়ে তুলতে চাই, যেখানে সাধারণ মানুষ নির্ভয়ে চলাফেরা করতে পারবে এবং আইনের প্রতি সবার শ্রদ্ধাবোধ থাকবে।

তিনি বলেন, জেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, গ্রাম্য সহিংসতা ও অবৈধ মোটরসাইকেল চলাচলের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। কোনো অপরাধীই আইনের ফাঁক গলে পার পাবে না। অপরাধীকে অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে এবং আইনের প্রতি ভয় ও শ্রদ্ধা তৈরি করতে হবে।

পুলিশ সুপার থানাগুলোকে জনবান্ধব করার ওপর গুরুত্ব দিয়ে বলেন, থানাকে সাধারণ মানুষের আস্থার জায়গায় পরিণত করতে হবে। কোনো সেবাপ্রার্থী যেন থানায় এসে হয়রানির শিকার না হন বা নিরাশ হয়ে ফিরে না যান—এটি নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় শক্তি।

তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের মনোবল আগের তুলনায় অনেক বেড়েছে। এই মনোবলকে কাজে লাগিয়ে আমরা আরও কার্যকরভাবে অপরাধ দমন করব। তবে শুধুমাত্র আইন প্রয়োগ করলেই হবে না—মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে পরিবার ও সমাজকেও এগিয়ে আসতে হবে। সচেতনতা বৃদ্ধি ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আমাদের সহযোগিতা করবেন। কোনো অনিয়ম বা অপরাধের তথ্য পেলে তা আমাদের জানাবেন—আমরা দ্রুত ব্যবস্থা নেব।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, মো. রকিবুল হাসান, (সদর সার্কেল) মো. কামরুজ্জামান, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক, জেলা বিশেষ শাখার (ডিআইও) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সহসভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাভলুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।