গাইড বই না কেনায় ৬ মাদরাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার বদরপুর দাখিল মাদ্রাসায় নির্ধারিত গাইড বই না কেনায় ষষ্ঠ শ্রেণির ছয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত সুপার আনিসুর রহমানের বিরুদ্ধে। মারধরে অসুস্থ হয়ে পড়া দুই শিক্ষার্থীকে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য চার শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মাদ্রাসা চলাকালে এ ঘটনা ঘটে বলে শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিভাবকদের অভিযোগ, নির্দিষ্ট গাইড বই না কেনায় ক্ষুব্ধ হয়ে ভারপ্রাপ্ত সুপার আনিসুর রহমান ষষ্ঠ শ্রেণির ওই ছয় শিক্ষার্থীকে শ্রেণিকক্ষের বাইরে ডেকে আনেন। এরপর তিনি বাঁশের বেত ও হাত দিয়ে শিক্ষার্থীদের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করেন। এতে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে এবং দুজন জ্ঞান হারিয়ে ফেলে।
শিক্ষার্থীদের জ্ঞান হারালে মাথায় পানি ঢালা হয় বলে জানান অভিভাবকরা। পরে বাড়িতে নিয়ে যাওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাদের দ্রুত রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে দুজন সেখানে চিকিৎসাধীন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। গাইড বই কেনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের শারীরিক নির্যাতন করার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন বদরপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আনিসুর রহমান। তিনি দাবি করেন, অতিরিক্ত গরম ও পাতলা পায়খানার কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছিল।
এ বিষয়ে রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সায়েকুল হাসান খান জানান, বিষয়টি এখনও তিনি জানেন না। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


