logo

বাড়ি ফেরা হয়নি, কুমিল্লায় ঈদ কাটছে শ্রমজীবী মানুষের

বাড়ি ফেরা হয়নি, কুমিল্লায় ঈদ কাটছে শ্রমজীবী মানুষের
ছবি: এশিয়া পোস্ট

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে যখন চারদিকে উৎসবের আমেজ, তখন কুমিল্লা নগরের চৌয়ারা বাজার এলাকায় দেখা গেল ভিন্ন এক বাস্তবতা। ঈদের আনন্দ থেকে দূরে, জীবিকার তাগিদে শহরে পড়ে থাকা শ্রমজীবী মানুষের মুখে ছিল হতাশা আর নীরব দীর্ঘশ্বাস।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে সাতটার দিকে চৌয়ারা বাজার সড়কের পাশে কয়েকজন শ্রমিককে জড়ো হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের বেশির ভাগই দেশের বিভিন্ন জেলা থেকে কাজের সন্ধানে কুমিল্লায় এসেছেন। তবে অর্থসংকট ও কাজের অনিশ্চয়তায় এবার আর বাড়ি ফেরা হয়নি অনেকের।

শ্রমিকেরা জানান, কয়েক দিন ধরে নিয়মিত কাজ না থাকায় হাতে পর্যাপ্ত টাকা নেই। ফলে পরিবারের সদস্যদের জন্য ঈদের কেনাকাটা তো দূরের কথা, বাড়ি যাওয়ার ভাড়াও জোগাড় করতে পারেননি তারা।

ঠাকুরগাঁও থেকে আসা এক শ্রমিক সাইদুল বলেন, ঈদ আসলে সবার মনেই আনন্দ থাকে। কিন্তু গরিব মানুষের ঈদ মানে কষ্ট। বাড়ি যেতে পারিনি, এখানেই ঈদ কাটাতে হবে।

আরেক শ্রমিক আবদুল কুদ্দুস বলেন, বাড়িতে ছোট ছোট সন্তান অপেক্ষা করছে। কিন্তু হাতে টাকা না থাকায় এবার আর তাদের কাছে যাওয়া হলো না।

স্থানীয় বাসিন্দা মোস্তফা কামাল বলেন, ঈদের সময় এমন দৃশ্য প্রায়ই দেখা যায়। জীবিকার প্রয়োজনে শহরে থাকা নিম্নআয়ের মানুষদের অনেকেই উৎসবের আনন্দের চেয়ে জীবনের কঠিন বাস্তবতার সঙ্গেই বেশি লড়াই করেন।