logo

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে সাময়িক সময়ের জন্য মহাসড়কের যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে আসলে যান চলাচল স্বাভাবিক হয়।

রোববার (২৬ এপ্রিল) রাত ১০টার পর নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় আলিফ ম্যানুফ্যাকচারিং নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা অবরোধ করেন। তবে খবর পেয়ে থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করেন।

‎শ্রমিকরা জানায়, বকেয়া বেতন প্রদানের জন্য মালিকপক্ষ তারিখ নির্ধারণ করলেও বেতন নিয়ে টালবাহানা করতে থাকায় তারা রোববার কাজ বন্ধ করে আন্দোলনে নামতে বাধ‍্য হয়েছে । এছাড়াও শ্রমিকরা অভিযোগ করেন, কারখানার কতিপয় কর্মকর্তা তাদের তিন মাসের বেতন বোনাসের টাকা না দিয়ে আত্মসাৎ করেছে। তাই তাদের বকেয়া বেতন ও প্রাপ‍্য বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন তারা।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও শিল্প পুলিশ গিয়ে তাদের শান্ত করে মহাসড়ক থেকে সরিয়ে দিলে পৌনে এক ঘণ্টার মধ্যে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় ।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, যদি আলোচনার মাধ্যমে সমাধান না হয় তাহলে পরবর্তীতে আরও কঠিন আন্দোলনে নামবেন। এবং বেতন পরিশোধের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণাও দেন শ্রমিকরা।

‎এ ব‍্যাপারে শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন, তিন মাসের বেতন পরিশোধের দাবি জানিয়ে আন্দোলনরত শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছিল। পরে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়। শ্রমিকদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল গার্মেন্টসের মালিক পক্ষের সঙ্গে সমাধানের জন্য আলোচনা করছে। দ্রুত তাদের সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছে মালিকপক্ষ।