logo

সিলেটে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, পাশে পড়ে ছিল চিরকুট

সিলেটে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, পাশে পড়ে ছিল চিরকুট
ছবি: এশিয়া পোস্ট

সিলেট নগরের সুবিদবাজার এলাকার একটি বাসা থেকে মাহাদি আনজুম (১৫) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সুবিদবাজারের ফাজিলচিশত এলাকার ১৩/৩ নম্বর বাসার চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মাহাদি আনজুম সিলেট ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। তিনি সুবিদবাজার এলাকার বাসিন্দা মৃত মিসবাহ উদ্দিনের ছেলে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, চার থেকে পাঁচ মাস আগে সহপাঠীর সঙ্গে মাহাদির ঝামেলা হয়েছিল। এরপর থেকে সে নিয়মিত স্কুলে যাচ্ছিল না। তবে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। সেখানে খেলা ছিল, তার মরদেহের যেন ময়নাতদন্ত না করা হয় এবং পুলিশ যেন ঘটনাটি তদন্ত না করে। চিরকুটটি মাহাদির নিজের হাতের লেখা বলে নিশ্চিত করেছে পরিবার। তবে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে ময়নাতদন্ত করা হবে।

পুলিশ আরও জানিয়েছে, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।