স্কুল শেষে বাড়ি ফেরেনি কিশোরী, দুশ্চিন্তায় পরিবার

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সাবিনা আক্তার নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
পরিবারের পক্ষ থেকে শুক্রবার (২৪ এপ্রিল) সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সাবিনা আক্তার উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর এলাকার শাহজাহান শেখের কন্যা। সে সিরাজদিখান উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও জিডি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। সহপাঠীরা জানিয়েছে ক্লাস শেষ করে বিকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা। কিন্তু সে বাড়ি না ফেরায় সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ শিক্ষার্থীর ভাই মো. শুভ বলেন, আমার বোন সিরাজদিখান উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। বৃহস্পতিবার সে বিদ্যালয়ে যায় এবং পূর্ণ ক্লাস করে। বিদ্যালয় ছুটি হলে বাড়িতে না ফিরলে আমরা স্কুলে খোঁজ নেই। পরে আত্মীয়-স্বজনের বাড়িতেও খোঁজ নিয়ে না পেয়ে থানায় জিডি করি।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হান্নান বলেন, ঘটনার বিষয়ে জিডি নেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।