logo
Advertisement

চলন্ত ভ্যানে শিশুকে নিপীড়ন, চালককে গণপিটুনি

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজরাজশাহী
চলন্ত ভ্যানে শিশুকে নিপীড়ন, চালককে গণপিটুনি
এশিয়া পোস্ট গ্রফিক্স

রাজশাহীর পবায় ৯ বছরের এক শিশুকে চলন্ত ভ্যানে নিপীড়নের অভিযোগে মো. মতিন আলী নামে এক ভ্যানচালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে।

গতকাল সোমবার (৮ জুন) দুপুরে পবা থানার নওহাটা এলাকার উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কার্যালয়ের সামনে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মতিন আলী উপজেলার দুয়ারি এলাকার বাসিন্দা।

পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে ওই শিশুটি নওহাটা থেকে বাড়ি ফেরার উদ্দেশে মতিন আলীর ভ্যানে ওঠে। পথে ভ্যানচালক মতিন শিশুটিকে যৌন নিপীড়ন করেন।

বাড়ি পৌঁছে শিশুটি বিষয়টি তার বাবা ও পরিবারের সদস্যদের জানায়। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ভ্যানচালক মতিনকে আটকে রেখে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে পবা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত মতিনকে উদ্ধার করে। এরপর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় অভিযুক্ত ভ্যানচালককে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তিনি পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।