logo

শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পতাকা উত্তোলন করল নিষিদ্ধ ছাত্রলীগ

শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পতাকা উত্তোলন করল নিষিদ্ধ ছাত্রলীগ

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বরগুনার বেতাগীতে বাংলাদেশ ছাত্রলীগের (নিষিদ্ধ) পক্ষ থেকে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে বেতাগী সরকারি কলেজ চত্বরের শহীদ মিনার প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পতাকা উত্তোলন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেতাগী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান মুসার নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী কলেজ ক্যাম্পাসে জাতীয় পতাকা ও ছাত্রলীগের দলীয় পতাকা উত্তোলন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো বেতাগী সরকারি কলেজ এলাকায় প্রকাশ্যে ছাত্রলীগের নেতাকর্মীদের পতাকা উত্তোলন করতে দেখা গেছে। পতাকা উত্তোলনের পর মেহেদী হাসান মুসা ব্যক্তিগত ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেছেন।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আজ ৭ মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ভাষণের দিন। আমি ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বেতাগী সরকারি কলেজে ছাত্রলীগের পতাকা উত্তোলন করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”

এ বিষয়ে কথা বলতে মেহেদী হাসান মুসার ফোনে কল দিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ওপর ভিত্তি করেই মুক্তিযুদ্ধ হয়েছে। দেশ স্বাধীনতা অর্জন করেছে। সেই ভাষণের প্রতি শ্রদ্ধা জানাতেই বেতাগী সরকারি কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে পতাকা উত্তোলন করা হয়েছে।’

এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল আহমেদ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’