Advertisement

লক্ষ্মীপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার, সেনাবাহিনীর অপেক্ষায় পুলিশ

এশিয়া পোস্ট নিউজ, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার, সেনাবাহিনীর অপেক্ষায় পুলিশ
বোমা সদৃশ ধাতব বস্তু। ছবি: এশিয়া পোস্ট

লক্ষ্মীপুরের রামগতিতে মাটি খননের সময় তিনটি রকেট বোমাসদৃশ ধাতব বস্তু উদ্ধার করা হয়েছে। বস্তুগুলোকে ঘিরে এলাকায় আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার আ স ম আবদুর রব সরকারি কলেজের পেছনের সমবায় টিএনটি রোড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার পানির সাপ্লাই লাইনের জন্য খননকাজ চলাকালে শ্রমিকরা মাটির প্রায় ৩ থেকে ৪ ফুট নিচে তিনটি ধাতব বস্তু দেখতে পান। বস্তুগুলোর আকৃতি দেখে সন্দেহ হলে তারা তাৎক্ষণিকভাবে খননকাজ বন্ধ করে স্থানীয় প্রশাসনকে জানান। খবরটি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।

সংবাদ পেয়ে রামগতি থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং স্থানটি লাল ফিতা দিয়ে ঘিরে ফেলে। বস্তুগুলো বিপজ্জনক বা বিস্ফোরক কি না, তা নিশ্চিত করতে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, প্রাথমিকভাবে উদ্ধার হওয়া বস্তুগুলো রকেট লঞ্চারের গোলা বা বোমাসদৃশ মনে হচ্ছে। তবে এগুলো আসলেই সক্রিয় বিস্ফোরক কি না, তা বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত করতে পারবে। আপাতত স্থানটি সুরক্ষিত রাখা হয়েছে।