প্রাক্তন স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা, স্বামী আটক

দিনাজপুরের বিরলে বিবাহবিচ্ছেদের দুই মাস পর প্রক্তন স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাহবুবুর রহমানকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের বিজোড়া (সুতারপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া আক্তার শ্যামলী (২৫) ওই গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। অভিযুক্ত সাবেক স্বামী মাহবুবুর রহমান রংপুর কোতোয়ালি থানার লালবাগ এলাকার মৃত সফি উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে মাহবুবুর রহমান ও সুমাইয়া আক্তার শ্যামলীর বিবাহবিচ্ছেদ হয়। এরপর শনিবার রাতে মাহবুবুর রহমান জোরপূর্বক সাবেক স্ত্রীর বাবার বাড়িতে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি শ্যামলীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান।
দগ্ধ শ্যামলীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে রংপুর নিয়ে যাওয়ার পথেই শ্যামলীর মৃত্যু হয়। পরে রাত ৪টার দিকে তাকে পুনরায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন।
নিহতের নানি মোমিনা খাতুন বলেন, ‘প্রথমে ছুরি দিয়ে আমার নাতনিকে আঘাত করার চেষ্টা করা হয়েছিল। তাতে ব্যর্থ হয়ে পরে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, অভিযুক্তকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত এজাহার পেলে নিয়মিত মামলা রুজু করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।



