খুলনায় দুই প্রতিষ্ঠানে ৬ পরীক্ষার্থী, পাস করেনি একজনও

এসএসসি পরীক্ষার ফলাফলে খুলনার দুটি মাধ্যমিক বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠান দুটি হলো—খুলনা মহানগরীর খালিশপুরের আসমা সরোয়ার ইসলামিক কেজি ও মাধ্যমিক বিদ্যালয় এবং ডুমুরিয়া উপজেলার কাটেঙ্গা মাধ্যমিক বিদ্যালয়।
সোমবার (১০ আগস্ট) দুপুর প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে এ চিত্র পাওয়া গেছে।
বোর্ড সূত্রে জানা গেছে, খালিশপুরের আসমা সরোয়ার ইসলামিক কেজি ও মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর মানবিক বিভাগে মাত্র দুজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তবে তাদের দুজনই অকৃতকার্য হয়েছেন।
ফলাফলে হতাশা প্রকাশ করে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান বলেন, মানবিক বিভাগ থেকে এবার মাত্র দুজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে তারা দুজনই অকৃতকার্য হয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি ও পড়াশোনায় আরও মনোযোগী হওয়া প্রয়োজন ছিল।
অন্যদিকে ডুমুরিয়া উপজেলার কাটেঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে চারজন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তারাও সবাই অকৃতকার্য হয়েছেন।
বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম সরদার বলেন, আমাদের বিদ্যালয় থেকে চারজন ছাত্র এবার পরীক্ষা দিয়ে সবাই ফেল করেছে। তারা লেখাপড়ায় চরম অমনোযোগী ছিল এবং অভিভাবকরাও শিক্ষার্থীদের বিষয়ে উদাসীন ছিলেন। শত চেষ্টা করেও তাদের পাস করানো সম্ভব হয়নি।
.png)


