logo

২০১৮ বিশ্বকাপের স্মৃতি আজও বয়ে বেড়ায় এই বাড়ি

২০১৮ বিশ্বকাপের স্মৃতি আজও বয়ে বেড়ায় এই বাড়ি
২০১৮ সালে ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়ে ‘ব্রাজিল বাড়ি’ নাম দিয়েছিলেন ভক্ত জামির হোসেন। ছবি : এশিয়া পোস্ট

যশোরের চৌগাছায় ২০১৮ সালের বিশ্বকাপের সময় ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়ে ‘ব্রাজিল বাড়ি’ নাম দিয়েছিলেন ব্রাজিল ভক্ত জামির হোসেন। এই আট বছরে রং হয়তো কিছুটা মলিন হয়েছে, তবে ব্রাজিলের প্রতি ভালোবাসা একটুও কমেনি তার। আলোচিত এই ব্রাজিল বাড়িটি যশোরের চৌগাছা উপজেলা শহরের চৌগাছা-কোটচাঁদপুর সড়কের ইছাপুর বটতলায়।

জামির হোসেন চৌগাছা পৌরসভার পাঁচনমনা গ্রামের বাসিন্দা হলেও ইছাপুর বটতলায় নিজের বাসভবনে বসবাস করেন। ২০১৮ সালের বিশ্বকাপের সময় তার দোতলা (এখন তিনতলা) বাড়িটি ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়ে ‘ব্রাজিল বাড়ি’ নাম দিয়েছিলেন। বাড়িটির নিচতলায় ওয়েভ ফাউন্ডেশন নামের একটি এনজিওর অফিস। আর দোতলায় জামির থাকেন তার পরিবার নিয়ে। চৌগাছা শহরের বাসস্ট্যান্ডে ‘ফেমাস অটো’ নামে মোটরসাইকেলের শোরুমের পাশাপাশি টিভি-ফ্রিজের একটি শোরুম রয়েছে তার।

জামির হোসেন বলেন, আমি ফুটবল ভালোবাসি। ফুটবলে আমার ভালোবাসা ব্রাজিল। তাই ২০১৮ সালের বিশ্বকাপের আগে ব্রাজিলের পতাকার রঙে নিজের বাড়িটিকে রাঙিয়েছি। এখনও বাড়িটিতে সেই রংই আছে। আর শহরের সবাই আমার বাড়িটিকে ব্রাজিল বাড়ি হিসেবে চেনে। এবার ব্রাজিলের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি। ২০০ থেকে ৩০০ মোটরসাইকেল নিয়ে এই শোভাযাত্রা হবে।

২০১৮ সালের বিশ্বকাপের সময় ব্রাজিলের পতাকার রঙে নিজের বাড়ি রাঙিয়ে ছিলেন ব্যবসায়ী জামির হোসেন। ছবি : সংগৃহীত
২০১৮ সালের বিশ্বকাপের সময় ব্রাজিলের পতাকার রঙে নিজের বাড়ি রাঙিয়ে ছিলেন ব্যবসায়ী জামির হোসেন। ছবি : সংগৃহীত

স্মৃতিচারণ করে তিনি বলেন, ২০১৮ সালের বিশ্বকাপে ৭০ হাজার টাকা খরচ করে বাড়িটি ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়েছেন। পাশাপাশি ২০ হাজার টাকার ব্রাজিলের জার্সিও কিনেছিলেন। কিন্তু দল বেশি দূর যেতে পারেনি। তাই এখনও সেই সময়ের ৭৫টি জার্সি রয়েছে। এগুলো নিয়ে এবার শোভাযাত্রা হবে।

সবশেষে ব্রাজিলের এই সমর্থক বলেন, ফুটবল ভালোবাসি। ফুটবলে জয়-পরাজয় থাকবে। তবে প্রত্যাশা করে উত্তেজনাপূর্ণ ভালো ফুটবল খেলার। শুধু ব্রাজিল নয়, আর্জেন্টিনাও ভালো ফুটবল খেলুক, এই প্রত্যাশাও করি। ক্রিকেটে ভারত-পাকিস্তান যেমন উত্তেজনা থাকে, তেমনি ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনার উত্তেজনা থাকবে। তবে সেটি যেন কখনই সংঘাতে পরিণত না, সেটি আনন্দের থাকে সেটিই প্রত্যাশা।