আরও ৫০০ জন পাচ্ছেন ক্রীড়া কার্ড

দেশের প্রতিভাবান খেলোয়াড়দের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আরও ৫০০ জনকে ক্রীড়া কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
শুক্রবার (৫ জুন) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমিনুল হক বলেন, প্রায় ৩০০ জন জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে। আগামী জুনের পর আরও ৫০০ জন ক্রীড়াবিদকে এই সুবিধার আওতায় আনা হবে। ক্রীড়া কার্ডের মাধ্যমে খেলোয়াড়দের উন্নত স্বাস্থ্যসেবা, বিমা সুবিধা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
চট্টগ্রামে একটি আন্তর্জাতিক মানের আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে জানিয়ে তিনি বলেন, খেলাধুলাকে পেশাগত স্বীকৃতি দেওয়া, নতুন প্রজন্মকে মাদক ও ডিজিটাল আসক্তি থেকে দূরে রাখা এবং একটি সুস্থ-মেধাবী জাতি গঠনের লক্ষ্যে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।
তৃণমূল থেকে খেলোয়াড় তৈরিতে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করা হয়েছে, যেখানে ১২ থেকে ১৪ বছর বয়সি ছেলে-মেয়েরা সমানভাবে অংশ নিতে পারছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসছে।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংস্থার প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভা শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নগরীর পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে ‘শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
