চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া

চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া। আগামী ৩ (তিন) বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-৩ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন্ন নেছা।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৭(১) অনুযায়ী জনাব মো. ইদ্রিস মিয়াকে চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে ৩ (তিন) বছর মেয়াদে নিয়োগ প্রদান করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নবনিযুক্ত ওয়াসা বোর্ড চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়া চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা গ্রামের ইদ্রিস মিয়া চেয়ারম্যানের বাড়ির বাসিন্দা। তার বাবার নাম সিদ্দিক আহমদ এবং মায়ের নাম ছায়েরা খাতুন।
স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপনটি দ্রুত কার্যকর করার লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক, চট্টগ্রাম ওয়াসা ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবং চট্টগ্রাম জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অনুলিপি পাঠিয়েছে।
এ বিষয়ে ইদ্রীস মিয়া এশিয়া পোস্টকে বলেন, এই পদে দায়িত্ব দিয়ে প্রধানমন্ত্রী চট্টগ্রাম দক্ষিণ জেলাকে এবং আমাকে মূল্যায়ন করেছেন। চট্টগ্রামের সুপেয় পানির সংকট সমাধানে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের মূল্যায়ন করার জন্য দক্ষিণ জেলাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই।


