logo

হবিগঞ্জে ফুটপাতের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

হবিগঞ্জে ফুটপাতের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
হবিগঞ্জ পৌরসভার ফুটপাতে পরিচালিত উচ্ছেদ অভিযানে অবৈধ স্থাপনা থেকে সরঞ্জাম সরিয়ে পৌরসভার ট্রাকে তোলা হচ্ছে। ছবি : এশিয়া পোস্ট

হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও হবিগঞ্জ পৌরসভা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথ্বীন্দ্র চাকমা ও হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরী। ভ্রাম্যমাণ আদালতকে এ সময় হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ সহায়তা করে।

জানা যায়, হবিগঞ্জ শহরের প্রধান সড়কের ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফলের দোকান, টং দোকান, চায়ের দোকান ও ভ্রাম্যমাণ ভ্যান বসিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন অনেকে। শহরের শায়েস্তানগর এলাকা থেকে শুরু করে থানার মোড় ও হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের প্রধান গেট পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পাশাপাশি ভ্রাম্যমাণ দোকানগুলো পৌরসভার ট্রাকে করে সরিয়ে নেওয়া হয়।

পৌর কর্তৃপক্ষ জানায়, ফুটপাত মুক্ত করে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করা এবং জনদুর্ভোগ কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরী বলেন, জনস্বার্থে পৌরসভার পক্ষ থেকে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি তিন ব্যবসায়ীকে মোট আড়াই হাজার টাকা জরিমানা করা হয়।