মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ সদস্যের

এশিয়া পোস্ট নিউজ, বান্দরবান
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ সদস্যের
ছবি : সংগৃহীত

বান্দরবান জেলার রুমা উপজেলার পর্যটন কেন্দ্র বগালেক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় চট্টগ্রাম জেলা পুলিশে কর্মরত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) বগালেকগামী পাহাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, তিনজন পর্যটক মোটরসাইকেলে করে বগালেক এলাকায় বেড়াতে যাওয়ার পথে পাহাড়ি সড়কে মোটরসাইকেলের ব্রেক বিকল হয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় আরোহী তিনজনই আহত হন। স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। পরে বিকেল ৩টা ২৫ মিনিটে তাকে বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত পুলিশ সদস্যের নাম জাবেদ হাসান (কনস্টেবল, বিপি নং-৯৭১৬১৮৮৫০৬)। তিনি চট্টগ্রাম জেলা পুলিশে কর্মরত ছিলেন। তার বাবার নাম আবু তাহের ও মায়ের নাম সাজেদা বেগম। তার বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শীতলীয়া এলাকায়।

আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দৈরিবটগ্রাম এলাকার বাসিন্দা সাদেকুর রহমানের ছেলে মো. ইব্রাহিম খলিল অপু (২৮)। অপর আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আহতদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মানষ কুমার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাহাড়ি সড়কে মোটরসাইকেলের ব্রেক বিকল হয়ে চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহত পুলিশ সদস্যের মরদেহের আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পাহাড়ি দুর্গম সড়কে চলাচলের সময় পর্যটকদের অত্যন্ত সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছে প্রশাসন।