হাম উপসর্গ নিয়ে বরিশালে আরও দুই শিশুর মৃত্যু

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) তারা মারা যান। এ নিয়ে বরিশাল বিভাগে হাম উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতারের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: মুশিউল মুনির জানান, এই দুই শিশু বুধবার (৮ এপ্রিল) দুপুর ২টার দিকে হাসপাতালে ভর্তি হয়।
শুক্রবার ভোরে দুজন এক ঘণ্টার ব্যবধানে মারা যায়। সাদিয়ার মৃত্যু হয় পৌনে চারটায় ও রাকিবের মৃত্যু হয় ভোর পৌনে পাঁচটায়। এই নিয়ে হাসপাতালে হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু হয়েছে।
মৃত সাদিয়া (২ বছর) বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাজীবের মেয়ে এবং রাকিব (৯ মাস) বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাবিবুর রহমানের ছেলে।
হাসপাতাল পরিচালক জানিয়েছেন, হাসপাতালে বর্তমানে ৯২ জন হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩১ জন ভর্তি হয়েছেন। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ২৮ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত এই হাসপাতালে মোট ৩৪১ রোগী হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন।