অর্ধকোটি টাকা লুট, বিএনপি নেতাকে পিটুনি দিয়ে থানায় সোপর্দ

পাবনার ভাঙ্গুড়ায় সরকারি সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক বিএনপি নেতাকে পিটুনি দিয়ে থানায় সোপর্দ করেছে ভুক্তভোগীরা। এ ঘটনায় ভুক্তভোগী প্রায় ৩০ জন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
শুক্রবার (৫ জুন) রাতে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ডে ১০-১৫ জন ভুক্তভোগী অভিযুক্ত বিএনপি নেতাকে পিটিয়ে থানায় সোপর্দ করেন।
অভিযুক্ত সোহেল রান উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা ও ওই ওয়ার্ডের বিএনপির সহসভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল আগে থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এ ছাড়া সোহেল বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। বিগত ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সোহেল রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়ে। পরে ভাঙ্গুড়া ত্যাগ করে চলে যায়। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে সোহেল ভাঙ্গুড়াতে ফিরে আসে। ভাঙ্গুড়া এসেই আবারও চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় সোহেল ভাঙ্গুড়া বাজার, পারভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া, পাটুলিপাড়া, ভেড়ামারা, পারভাঙ্গুড়া গ্রামের অর্ধশতাধিক মানুষকে ভিজিডি কার্ড, পানির পাম্প, সরকারি প্রকল্পের ঘরসহ বিভিন্ন সরকারি সুবিধা দেওয়ার কথা বলে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়।
কিন্তু টাকা দেওয়ার পরে সাত-আট মাস পেরিয়ে গেলেও কোন সুবিধা পায়নি অধিকাংশ ভুক্তভোগী। ফলে ভুক্তভোগীদের একাংশ সোহেলকে পিটুনি দিয়ে শুক্রবার রাতে থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরে শনিবারে থানায় লিখিত অভিযোগ দায়ের করে ৩০ জন ভুক্তভোগী।
সোহেল নামে এক ভুক্তভোগী বলেন, সরকারি চালের কার্ড করে দেবে বলে ৬ হাজার টাকা নিয়েছেন এক বছর আগে। আজও কার্ড পাইনি। তাই ধরে পুলিশে দিয়েছি। অভিযোগ দিয়েছি।
আরেক ভুক্তভোগী হোটেল কর্মী তায়জাল হোসেন বলেন, সরকারি ঘর দেওয়ার কথা বলে ৭-৮ মাস আগে ৫০ হাজার টাকা নিয়েছে। টাকা নেওয়ার প্রমাণ আমার কাছে আছে। কিন্তু আজও ঘর পাইনি। তাই থানায় অভিযোগ করেছি।
অভিযুক্ত বিএনপি নেতার স্ত্রী শিখা বলেন, আমার স্বামী প্রতারক (চিটার) সবাই জানে। কিন্তু লোকজন টাকা দিয়েছে কেন। এখন তারা মারছে। তাই টাকা পরিশোধ।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, সোহেল সরকারি বিভিন্ন সুবিধা দেওয়া কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করার বিষয়ে ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেছেন। যেহেতু এসব সুবিধা প্রদানের বিষয় উপজেলা প্রশাসন সম্পর্কিত। তাই তাদেরকে প্রশাসনের কাছেও লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি তথ্য সংগ্রহ করে সোহেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
