বগুড়ায় ‘কোবরা বাহিনীর’ ৭ জন গ্রেপ্তার

বগুড়ায় আলোচিত ‘কোবরা বাহিনীর’ অন্যতম সদস্য হিসেবে পরিচিত রতন পাইকারসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
রোববার রাত ১০টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ইনচার্জ (ওসি) ইকবাল বাহার।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রতন পাইকার (৩৬), বাবু শেখ (৩২), মিরাজ মোল্লা (৩৫), সুমন মিয়া (২৮), রাজু মিয়া (২৭) ও রিয়াদ সাকিদার (২৭)।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া সদর থানার কুকরুল দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের সহযোগী আবুল বাশার বাপ্পীকে (২৫) আরও ৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ নিয়ে অভিযানে মোট সাতজনকে গ্রেপ্তার এবং সর্বমোট ৫৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা, মারামারি, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে আটটিরও বেশি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে গোয়েন্দা শাখার কাছে সংবাদ আসে, ‘কোবরা বাহিনীর’ অন্যতম সদস্য রতন পাইকার তার সহযোগীদের নিয়ে বেজোড়া বাজার এলাকায় আকবর আলীর গ্যারেজে এক অজ্ঞাতনামা যুবককে আটক করে মারধর করছেন। এমন সংবাদে ডিবির একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে তাদের ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
ডিবি ইনচার্জ (ওসি) ইকবাল বাহার বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বগুড়া সদর ও শাজাহানপুর থানায় হত্যা, মারামারি, বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অভিযোগে ৮টিরও বেশি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।