Advertisement

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল কৃষি কর্মকর্তার

এশিয়া পোস্ট নিউজ, নোয়াখালী
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল কৃষি কর্মকর্তার
নিহত কৃষি কর্মকর্তা আব্দুর রহমান ওরফে সুমন। ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আব্দুর রহমান ওরফে সুমন (৩৮) নামে এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) উপজেলার চৌমুহনী-ছমিরমুন্সিরহাট সড়কের রোহিতার পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের আব্দুর রশীদ খানের ছেলে। তিনি বেগমগঞ্জ উপজেলায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে সুমন তার শ্বশুরবাড়ি থেকে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে কৃষকদের কার্ডের তথ্য সংগ্রহের উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা হন। পথে তার মোটরসাইকেলটি চৌমুহনী-ছমিরমুন্সিরহাট সড়কের রোহিতার পোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটকে পুলিশে খবর দেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় :নোয়াখালী