লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় লুডু খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে উপজেলার মুরাদপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদপুর গ্রামের কবির মিয়া ও নুর মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে লুডু খেলাকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এর আগেও উভয়পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে পূর্ব বিরোধের জের ধরে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলতে থাকে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।
সংঘর্ষের খবর পেয়ে স্থানীয় মুরব্বিয়ান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
