logo

নিজ বাড়ি থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার

নিজ বাড়ি থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
শাহীন কাদির। ছবি : ফেসবুক থেকে পাওয়া

সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা শাহীন কাদিরের (৪৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ধর্মপাশা সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহীন কাদির ওই গ্রামের মৃত লোকমান তালুকদারের ছেলে। তিনি এনসিপির ধর্মপাশা উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাহীন কাদিরের দুইবার বিয়ে হয়েছিল। তবে বেশ আগেই দুই স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। প্রথম স্ত্রীর ঘরে তার একটি মেয়ে রয়েছে। মেয়েটি বর্তমানে তার মামার বাড়িতে থাকে। শাহীন দীর্ঘদিন ধরে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিজ বাড়িতে বসবাস করছিলেন।

পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, স্ত্রীদের সঙ্গে বিচ্ছেদসহ বিভিন্ন কারণে শাহীন হতাশায় ভুগছিলেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পরিবারের সদস্যরা ঘরের কাঠের সঙ্গে গামছা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোহাম্মদ ইমাম হোসেন বলেন, শাহীন কাদিরের দুইটি বিয়ে হয়েছিল বলে জানা গেছে। দুই স্ত্রীর সঙ্গেই তার বিচ্ছেদ হয়েছিল। প্রথম স্ত্রীর ঘরে একটি মেয়ে রয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।