কুমিল্লায় জবি ছাত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা

কুমিল্লা নগরীর সুজানগর এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীর ওপর হামলা হয়েছে। তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়।
সোমবার (৬ জুলাই) কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত শিক্ষার্থী আয়শা আফরিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। হামলার পর তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে আয়শার বাসার সামনে একটি মাজারের জন্য চাঁদা সংগ্রহ উপলক্ষে উচ্চশব্দে মাইক বাজানো হচ্ছিল। পড়াশোনায় ব্যাঘাত ঘটায় রোববার সকালে তিনি মাইকের শব্দ কমাতে বলেন। এ নিয়ে কথা কাটাকাটির তার ওপর হামলা হয়। এ সময় চাপাতি দিয়ে তার মাথায় কোপ দেওয়া হয়। তিনি মাথা সরিয়ে নেওয়ায় কোপটি তার কপাল ও চোখের ওপর লাগে।
হাসপাতালে চিকিৎসাধীন আয়শা আফরিন বলেন, নিজের এলাকায় শুধু পড়াশোনার পরিবেশ চেয়েছিলাম। এজন্য আমাকে হত্যার চেষ্টা করা হয়। আমার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। আমি প্রশাসনের কাছে পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার চাই। তারা আমাদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে।
আয়শার মা আছমা আক্তার বলেন, আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। আমরা এই এলাকায় বাড়ি করার পর থেকে তারা বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। আমার ছোট মেয়েকেও দীর্ঘদিন ধরে ইভটিজিং করা হচ্ছে।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনাস্থলে চকবাজার ফাঁড়ির আইসিসহ পুলিশ গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।





