সুন্দরবনে হরিণের মাংসসহ আটক ২

সুন্দরবনের খুলনা রেঞ্জের নলিয়ান এলাকা থেকে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। জব্দ করা মাংসের বাজারমূল্য প্রায় ৯৯ হাজার টাকা।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত খুলনার দাকোপ থানার নলিয়ান বাজার ও দোয়ানিরগেট সংলগ্ন এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের সদস্যরা। অভিযানে মোট ৪৫ কেজি হরিণের মাংসসহ দুজনকে আটক করা হয়। তারা অবৈধভাবে হরিণের মাংসের ব্যবসা করত।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা হরিণের মাংস ও আটক দুজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নলিয়ান ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাব্বির আলম আরও বলেন, সুন্দরবনের জীববৈচিত্র, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ ও অবৈধ শিকার বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার থাকবে।



