পুকুর থেকে আনসার ভিডিপির সাবেক সদস্যের মরদেহ উদ্ধার

নাটোরের বাগাতিপাড়ায় পুকুর থেকে আনসার ভিডিপির সাবেক সদস্য শাহজাহান আলী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার সদর ইউনিয়নের কোয়ালিপাড়া এলাকায় আব্দুল খালেকের পুকুর থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাহজাহান আলী একই উপজেলার চককোয়ালিপাড়া গ্রামের মৃত নাদের আলীর ছেলে ও আনসার ভিডিপির সাবেক সদস্য ছিলেন।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস ও শাজাহান আলীর ছেলে আসিফ আলী জানান, বৃহস্পতিবার কোয়ালিপাড়া গ্রামের আব্দুল খালেকের পুকুরে অবাঞ্ছিত মাছ নিধনের জন্য গ্যাস ট্যাবলেট দেওয়া হয়। এর ফলে ওই পুকুরে মাছ মরে ভেসে ওঠে। শুক্রবার রাতে সেই পুকুরের মাছ মারতে যান শাহজাহান আলী। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। শনিবার সকালে এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে পুকুরপাড়ে গিয়ে মরদেহটি ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি।
নাটোর গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট খোন্দকার মাহফুজ বলেন, শাজাহান আলী এক সময় গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাথে যুক্ত ছিলেন। বয়সের ভারে তিনি কয়েক বছর আগে চাকরি ছেড়ে দিয়ে অবসর নিয়েছেন। তার মৃত্যুর সংবাদ পাওয়ার পর উপজেলার কর্মকর্তাদের খোঁজখবর নিতে বলা হয়েছে।

