বৃষ্টিতে উঠে গেল সড়কের কার্পেটিং, ঠিকাদারকে শোকজ

সংস্কারের কয়েক দিন পরই টানা বৃষ্টিতে কার্পেটিং উঠে যাওয়ায় ঝালকাঠি পৌর এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়কের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে পৌরবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই নোটিশটি জারি করা হলেও বিষয়টি ১২ জুলাই সন্ধ্যায় প্রকাশ্যে আসে। নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আড়াইহাজার ইন্টারন্যাশনাল’-এর স্বত্বাধিকারী মো. আশরাফুলের নামে নোটিশটি পাঠানো হয়েছে। ঝালকাঠি পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) টি. এম. রেজাউল হক রিজভী নোটিশে স্বাক্ষর করেন।
নোটিশে উল্লেখ করা হয়, চলতি অর্থবছরের একটি প্যাকেজের আওতায় গত জুন মাসে পৌর এলাকার ফায়ার সার্ভিস মোড় থেকে কলেজ মোড় পর্যন্ত সড়কের জরুরি বিটুমিনাস কার্পেটিংয়ের কাজ সম্পন্ন করা হয়। কাজ শুরুর পর থেকেই নির্মাণকাজের মান নিয়ে ঠিকাদারকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি আমলে নেননি এবং নিজের ইচ্ছামতো কাজ চালিয়ে যান। এ কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানটি বিলের আবেদন করলেও এখন পর্যন্ত পৌরসভা থেকে কোনো অর্থ পরিশোধ করা হয়নি বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়, সাম্প্রতিক অতিবর্ষণের কারণে সড়কের বিভিন্ন অংশে সিলকোট উঠে গেছে, যা পৌরসভার ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। এ অবস্থায় আগামী সাত দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত অংশ নিজ দায়িত্বে সংস্কার করে লিখিতভাবে পৌরসভাকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় উদ্ভূত সব ধরনের জটিলতার দায় সংশ্লিষ্ট ঠিকাদারকেই বহন করতে হবে বলেও সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে ঝালকাঠির প্রবীণ আইনজীবী মাহবুবুল আলম কবীর বলেন, এসব পদক্ষেপ অনেকটা ‘আইওয়াশ’। নির্মাণকাজ চলাকালে প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত সরেজমিনে উপস্থিত থেকে কাজের মান নিশ্চিত করার বিধান রয়েছে। পাশাপাশি পৌর প্রশাসকেরও সার্বিক তদারকি করার দায়িত্ব রয়েছে। তিনি নিয়মিত নির্মাণস্থল পরিদর্শন করলে এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ার কথা নয়। এখন শুধু ঠিকাদারকে দায়ী করে অন্যরা দায়িত্ব এড়ানোর চেষ্টা করছেন। জনগণ পুরো বিষয়টি বুঝতে পারছে।
এদিকে নিম্নমানের কাজের কারণে নতুন সংস্কার করা সড়কের কার্পেটিং উঠে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। দ্রুত মানসম্মতভাবে সড়কটি সংস্কার এবং ভবিষ্যতে সরকারি নির্মাণকাজে কঠোর তদারকির দাবি জানিয়েছেন পৌরবাসী।




