logo

গাজীপুরে আগুনে পুড়ল দুই কলোনির ২৩টি কক্ষ

গাজীপুরে আগুনে পুড়ল দুই কলোনির ২৩টি কক্ষ
আগুনে ক্ষতিগ্রস্ত কলোনি। গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায়। ছবি: এশিয়া পোস্ট

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের হরিণহাটি এলাকায় দুই কলোনিতে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে দুটি কলোনির ২৩টি কক্ষ ও পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) মধ্যরাতে হরিণহাটি এলাকার রাসেল আহমেদ ও আমিনুল ইসলামের মালিকানাধীন দুটি কলোনিতে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়লে কলোনির বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, কালিয়াকৈরে হরিণহাটি এলাকার একটি কলোনি থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। পরে তা পার্শ্ববর্তী আরেকটি কলোনিতে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা এ আগুন নেভানোর কাজ শুরু করে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত তিনটার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।