‘এসবির লোক’ পরিচয় দিয়ে পুলিশের কাছে আটক পিকআপ চালক

চেকপোস্টে পুলিশ পরিচয় দেওয়ার পর যাচাই-বাছাইয়ে ভুয়া প্রমাণিত হওয়ায় সাত্তার হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকা থেকে তাকে আটক করে হাইওয়ে পুলিশের সদস্যরা। আটক সাত্তার গৌরনদী উপজেলার পূর্ব বর্থী গ্রামের আব্দুল হাকিম মৃধার ছেলে।
গৌরনদী হাইওয়ে পুলিশের এসআই আবুল বাসার বলেন, ওভার স্পিডের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের খাঞ্জাপুর চেকপোস্টে একটি গাড়ি (পিকআপ) থামানো হয়। পরে গাড়ির কাগজপত্র না থাকায় এবং ওভার স্পিডের কারণে একটি মামলা দেওয়া হয়। এ সময় সাত্তার নিজেকে এসবির (পুলিশের স্পেশাল ব্রাঞ্চ) লোক বলে দাবি করেন। এ সময় তার কাছে বিপি নম্বর চাইলে তিনি তা দেখাতে অপারগতা প্রকাশ করেন। তাকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তার পুলিশ পরিচয় ভুয়া বলে স্বীকার করেন। পরে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই আবুল বাসার।
তবে আটক সাত্তার হোসেন বলেন, ‘চেকপোস্টে গাড়ি থামানোর পর কাগজপত্র দেখিয়ে যাওয়ার সময় পুনরায় আমাকে থামানো হয়। এ সময় আমি পুলিশ পরিবারের লোক বলেছি, তবে পুলিশ পরিচয় দিইনি। এরপরও আমাকে আটক করা হয়েছে।’