সোনারগাঁয়ে আসামি ধরতে যাওয়া তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

এশিয়া পোস্ট নিউজ, নারায়ণগঞ্জ
সোনারগাঁয়ে আসামি ধরতে যাওয়া তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম
হাসপাতালে আহত পুলিশ সদস্যরা। ছবি: এশিয়া পোস্ট

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মোটরসাইকেল ছিনতাই মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য ও পুলিশের এক সোর্স। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে চারজনই গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন, কনস্টেবল মাইনুল এবং পুলিশের সোর্স মাসুম মিয়া। আহত পুলিশ সদস্যদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত এসআই সুরুজ্জামান জানান, মহাসড়কে সংঘটিত মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত সাগরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তিনি দুই কনস্টেবল শাহীন ও মাইনুলকে সঙ্গে নিয়ে সাতভাইয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সাগর ও তার ভাই সজল ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তিন পুলিশ সদস্য ও পুলিশের সোর্স মাসুম মিয়াকে জখম করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার এশিয়া পোস্টকে জানান, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে আসামি গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত সাগর ও তার ভাই সজলকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি চোরাই মোটরসাইকেল। তাদের বিরুদ্ধে নতুন করে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।