logo

চাঁপাইনবাবগঞ্জ/ইউপি নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাইয়ে বিএনপির কমিটি

ইউপি নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাইয়ে বিএনপির কমিটি
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট ইউনিয়ন পরিষদ। ছবি: এশিয়া পোস্ট

আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার মোট ১২টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে ভোলাহাট উপজেলার ৪টি ইউনিয়নে (ভোলাহাট, গোহালবাড়ী, দলদলী ও জামবাড়ীয়া) দলীয় একক প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে ১১ সদস্যবিশিষ্ট একটি বিশেষ উপকমিটি গঠন করেছে উপজেলা বিএনপি। জনগণের আস্থাভাজন, সৎ, ত্যাগী ও বিজয়ী হওয়ার ক্ষমতাসম্পন্ন প্রার্থী বাছাইয়ের জন্য তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রকৃত মতামত মূল্যায়ন, জনপ্রিয়তা যাচাই-বাছাই এবং তথ্য সংগ্রহ করবে এই কমিটি।

Advertisement

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি মোহা. ইয়াজদানী আলীম আল রাজী জর্জ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গঠিত এই উপকমিটিতে মো. আব্দুস সোবহান মাস্টারকে আহ্বায়ক, মো. খাইরুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং মো. মইনুদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন মো. আব্দুল গনি, মো. এনামুল হক, মো. আতাউর রহমান, মো. শাহজালাল, মো. আবু মোত্তালেব, মো. জোহুরুল হক, মো. কামরুজ্জামান ও মো. মামুনুর রশিদ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দায়িত্বপ্রাপ্ত এই উপকমিটি সংশ্লিষ্ট ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করবে। মাঠপর্যায়ের তথ্যের ভিত্তিতে সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা, সাংগঠনিক ত্যাগ ও পরিচ্ছন্ন ভাবমূর্তি নিরপেক্ষভাবে যাচাই করে আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ৪টি ইউনিয়নের সার্বিক মূল্যায়ন ও সুনির্দিষ্ট সুপারিশসহ একটি বস্তুনিষ্ঠ লিখিত প্রতিবেদন উপজেলা বিএনপির সভাপতির বরাবর জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি মোহা. ইয়াজদানী আলীম আল রাজী জর্জ বলেন, আসন্ন ভোলাহাট উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ (ভোলাহাট, গোহালবাড়ী, দলদলী ও জামবাড়ীয়া) নির্বাচন উপলক্ষে মনোনয়নপ্রত্যাশীদের আবেদন গ্রহণ, প্রার্থী মূল্যায়ন, জনপ্রিয়তা যাচাই-বাছাই ও তথ্য সংগ্রহের লক্ষ্যে ভোলাহাট উপজেলা বিএনপির ১১ সদস্যবিশিষ্ট উপকমিটি চূড়ান্ত করা হয়েছে।

এই কমিটিকে আগামী ৭ ডিসেম্বরের মধ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ করে সকল সদস্যের মতামতের ভিত্তিতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।