আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলনের নেতাকে অব্যাহতি

সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথোপকথনের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাঁচ সদস্যের তদন্ত কমিটির অনুসন্ধানে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি।
সোমবার (১২ অক্টোবর) রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিটি ভোলা জেলা দক্ষিণ শাখার সভাপতি বরাবর পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, মাওলানা আব্বাস উদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত চারিত্রিক স্খলনসংক্রান্ত অভিযোগ তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সেক্রেটারির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জেলা দক্ষিণ শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, আব্বাস উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর গত রোববার (১১ অক্টোবর) তার সাংগঠনিক দায়িত্ব স্থগিত করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান করা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা দক্ষিণ শাখার সভাপতি অধ্যাপক কামাল উদ্দিনকে। তদন্তে অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে পাওয়া যাওয়ায় পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে নিজের বক্তব্য দিয়েছেন মাওলানা আব্বাস উদ্দিন। তার দাবি, ভিডিও কলে থাকা নারী তার স্ত্রী এবং ভিডিওটি কয়েক মাস আগের। যে মোবাইল ফোনে ভিডিওটি সংরক্ষিত ছিল, সেটি সম্প্রতি চুরি হয়ে যায়। এরপর একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে ভিডিওটি ছড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়ার ঘটনায় দুঃখ প্রকাশও করেছেন আব্বাস উদ্দিন।