রাজবাড়ীতে ঘরে ঢুকে চা দোকানিকে গলা কেটে হত্যা

রাজবাড়ীর গোয়ালন্দে ফারুক শেখ (৪৫) নামে এক চা দোকানিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ আগস্ট) দুপুরে পৌর জামতলা এলাকার নিজ বাড়ি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফারুক শেখ গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ইসহাক মিয়ার পাড়া এলাকার খালেক শেখের ছেলে। তিনি দৌলতদিয়া ঘাট এলাকায় চায়ের দোকান করতেন।
নিহতের ভাই বারেক শেখ জানান, তারা দুজন দৌলতদিয়া ঘাটে চায়ের দোকান করতেন এবং পালাক্রমে দোকানের দায়িত্ব পালন করতেন। শুক্রবার ফারুকের দায়িত্ব শেষ হওয়ায় শনিবার দুপুরে তিনি বাড়িতে খাবার নিয়ে যান। ঘরে ঢুকে ভাইকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
নিহতের বাবা খালেক শেখ বলেন, তার ছেলের গলা, হাত ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে বাড়িতে ঢুকে তাকে হত্যার সময় অন্য কাউকে দেখা যায়নি।
স্থানীয় হোটেল ব্যবসায়ী জীবন শেখ জানান, শনিবার সকাল ৭টার দিকে ফারুক তার দোকানে নাশতা করেন। এরপর তিনি বাড়ির উদ্দেশে চলে যান। পরে তার মৃত্যুর খবর পাওয়া যায়।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফারুক একাধিক বিয়ে করেছিলেন। তবে বর্তমানে তার কোনো স্ত্রী তার সঙ্গে বসবাস করতেন না।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহের গলা ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে সিআইডির একটি দল আসছে। তদন্তের পর হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা জানা যাবে।


