মাদক কারবার বন্ধ না করলে বাড়িঘর ভেঙে ফেলার হুঁশিয়ারি এলাকাবাসীর

এশিয়া পোস্ট নিউজ, সাতক্ষীরা
মাদক কারবার বন্ধ না করলে বাড়িঘর ভেঙে ফেলার হুঁশিয়ারি এলাকাবাসীর
মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ। ছবি: এশিয়া পোস্ট

সাতক্ষীরা পৌরসভার গড়েরকান্দা এলাকার চিহ্নিত মাদক কারবারি আনজুয়ারা এবং ইটাগাছা পূর্বপাড়ার মাহফুজার মাদক কারবার বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আগামী তিন দিনের মধ্যে এলাকা থেকে মাদক কারবার বন্ধ করা না হলে তাদের বাড়িঘর ভেঙে উচ্ছেদ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বাদ জুমা গড়েরকান্দা-ইটাগাছা সম্মিলিত জামে মসজিদ কমিটির নেতৃত্বে এলাকাবাসী এই আল্টিমেটাম দেন।

এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, মৎস্যজীবী দল নেতা রাজু, ব্যবসায়ী শহিদুল ইসলাম, ওয়াহিদুজ্জামান, জামায়াত নেতা আফসার আলী, মাহফিজুল ইসলাম এবং গড়েরকান্দা মৃত্যু তহবিলের সভাপতি বেলাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, ইতিপূর্বে একাধিকবার সতর্ক করা হলেও তারা মাদক কারবার বন্ধ করেনি। উল্টো এলাকার পরিবেশ নষ্ট করে আসছিল। প্রশাসনের কাছে বারবার অভিযোগ দিলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

বক্তারা আরও বলেন, এলাকায় মাদক বৃদ্ধির কারণে চুরি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে, যা এলাকাটিকে বসবাসের অনুপযোগী করে তুলেছে। এই পরিস্থিতিতে এলাকাবাসী মসজিদ কমিটির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মাদক কারবার বন্ধ করে দ্রুত এলাকা না ছাড়লে তাদের উচ্ছেদ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।