logo

জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের জন্য জায়েজ নয়, বললেন হেফাজত আমির

জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের জন্য জায়েজ নয়, বললেন হেফাজত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে আবারও প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। নির্বাচনে জামায়াতের বিরুদ্ধে জিহাদও ঘোষণা করেন তিনি। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট মাদ্রাসায় বুখারি শরিফের খতম উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে হেফাজতের আমির বলেন, সব মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম, এটা কোনোভাবেই জায়েজ নয়। তারা সাহবিদের গালমন্দ করেছে। তাদের ওপর খোদার লানত, ফেরেশতাদের লানত, সব মানুষের লানত। মওদুদীর জামায়াতের সঙ্গে যারা জোট করেছে, তারাও মওদুদি।

অনুষ্ঠানে উপস্থিত আলেমদের উদ্দেশে তিনি আরও বলেন, সব মুসলমানদেরও বলুন—তাদের (জামায়াত) ভোট দেওয়া কী? হারাম; জায়েজ হবে না। 

জাতীয় নির্বাচন প্রসঙ্গে বাবুনগরী বলেন, এটি কোনো নির্বাচন নয় জিহাদ। মওদুদীর জামায়াতের বিরুদ্ধে জিহাদ। 

এ সময় পাশে বসা চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরকে সমর্থন জানিয়ে হেফাজত আমির বলেন, ওকে ভোট দিচ্ছি তা না। ও জিহাদে নেমেছে মওদুদীর জামাতের বিরুদ্ধে। এরা যদি বাংলাদেশের ক্ষমতায় আসে ইসলাম ও মুসলমানরা চরম বিপদে পরবে। ওরা রগ কাটার গোষ্ঠী। এটা কোনো নির্বাচন না, এটা হলো জিহাদ। জামায়াতের বিরুদ্ধে তারা (বিএনপি) সেই জিহাদ করছে। সেজন্য তাদের সমর্থন দিচ্ছি।

মুহিব্বুল্লাহ বাবুনগরী আরও বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে আমাদের মৌলিক ও আকিদাগত বিরোধ রয়েছে। তারা দ্বীনের সঠিক ব্যাখ্যা দেয় না। তাই এই বাতিল শক্তির উত্থান ঠেকাতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

অনুষ্ঠানে সরওয়ার আলমগীর ছাড়াও বিএনপির স্থানীয় নেতাকর্মী ও শীর্ষ আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।