logo
Advertisement

রোগী সেজে স্বর্ণের চেইন চুরি, এক্সরে করে উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ,নোয়াখালী
রোগী সেজে স্বর্ণের চেইন চুরি, এক্সরে করে উদ্ধার
আটক নারী সিনারা বেগম ও এক্সরে রিপোর্ট। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর গলার স্বর্ণের চেইন চুরি করে পেটের ভেতর গিলে ফেলার ঘটনা ঘটেছে। পরে সাধারণ মানুষের হাতে আটক নারীর এক্সরে ও অ্যান্ডোস্কোপির মাধ্যমে পাকস্থলী থেকে চেইনটি উদ্ধার করা হয়।

Advertisement

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের বহির্বিভাগে (আউটডোর) এই ঘটনা ঘটে।

আটক ওই নারীর নাম সিনারা বেগম (৫০)। তিনি সিলেট জেলার বাসিন্দা এবং একটি চোর চক্রের সক্রিয় সদস্য বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়ন থেকে আসা বিবি ফাতেমা নামের এক নারী চিকিৎসক দেখানোর জন্য বহির্বিভাগের লাইনে দাঁড়ান। এ সময় সিনারা বেগম ও তার সহযোগীরা ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কির সুযোগ নিয়ে কৌশলে বিবি ফাতেমার গলা থেকে স্বর্ণের চেইনটি চুরি করেন।

অ্যান্ডোস্কোপির মাধ্যমে উদ্ধার করা স্বর্ণের চেইন। ছবি : এশিয়া পোস্ট
অ্যান্ডোস্কোপির মাধ্যমে উদ্ধার করা স্বর্ণের চেইন। ছবি : এশিয়া পোস্ট

বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ও রোগীর স্বজনেরা হাতেনাতে সিনারা বেগমকে ধরে ফেলেন। এ সময় তার সঙ্গে থাকা চক্রের অন্য তিন সদস্য দ্রুত সটকে পড়েন।

আটক নারীর দেহ তল্লাশি চালিয়ে চেইনটি পাওয়া না গেলে উপস্থিত লোকজনের সন্দেহ আরও বাড়ে। একপর্যায়ে তাকে হাসপাতালের এক্সরে বিভাগে নেওয়া হলে এক্সরে রিপোর্টে ওই নারীর পেটের ভেতর চেইনটির অস্তিত্ব ধরা পড়ে। পরে স্থানীয় ইবনে সিনা হাসপাতালে নেওয়া হলে অ্যান্ডোস্কোপির মাধ্যমে তার পেটের ভেতর থেকে স্বর্ণের চেইন দুটি সফলভাবে উদ্ধার করা হয়।

এ বিষয়ে সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল হাসপাতালে পৌঁছে আটক নারীকে হেফাজতে নিয়েছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ বা মামলা করলে সেই অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় :