দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঝোড়ো বাতাসের কারণে পদ্মা নদীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে সব ধরনের নৌ চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ভারপ্রাপ্ত ডিজিএম মো. সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ বিকেল ৩টার পর থেকে নদী অববাহিকায় বাতাস বইতে শুরু করে। একপর্যায়ের ঝোড়ো বাতাস বেড়ে যাওয়ায় বিকেল সাড়ে ৪টার দিকে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঝোড়ো বাতাস কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে, তখন সিরিয়াল অনুযায়ী অপেক্ষামাণ যানবাহন ও যাত্রীদের পারাপার করা হবে।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় মিলে ১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হয়। তবে ঝোড়ো বাতাস শুরু হওয়ার পর ফেরিগুলো পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরিঘাট পন্টুনে নিরাপদে নৌঙর করা হয়েছে।