বোমাসদৃশ বস্তুর গায়ে চিরকুট/‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ পাবে না’

‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না।’ বোমাসদৃশ বস্তুতে লাগানো এমন চিরকুট উদ্ধারকে কেন্দ্র করে মেহেরপুরের গাংনী উপজেলার নবীনপুর গ্রামে আতঙ্ক ছড়িয়েছে।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে গ্রামটির একটি নির্মাণাধীন ভবনের পিলারের ওপর থেকে বস্তুটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণাধীন ভবনের পিলারের ওপর কালো স্কচটেপে মোড়ানো জর্দার কৌটাসদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। কাছে গিয়ে তারা দেখেন, বস্তুটিতে একটি চিরকুট লাগানো রয়েছে, তাতে লেখা, ‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না।’
চিরকুটের হুমকিমূলক বার্তা ও বস্তুটির আকৃতি দেখে আতঙ্কিত হয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে।
চিরকুটটি কাকে উদ্দেশ করে লেখা, ওই যুবকের পরিচয় কী কিংবা সংশ্লিষ্ট তরুণী বিষয়টি সম্পর্কে জানেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। জর্দার কৌটায় বোমাসদৃশ বস্তু রেখে এমন বার্তা দেওয়ার উদ্দেশ্য নিয়েও নানা প্রশ্ন তৈরি হয়েছে। এটি নিছক ভয় দেখানোর কৌশল, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। বস্তুটির ভেতরে প্রকৃত বিস্ফোরক ছিল কি না, তা-ও এখনও নিশ্চিত হওয়া যায়নি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, কোনো এক যুবক তার প্রেমিকাকে উদ্দেশ্য করে হুমকিমূলক চিরকুট লিখে জর্দার কৌটায় তৈরি বোমাসদৃশ বস্তুটির গায়ে লাগিয়ে রেখে যান। এ ধরনের ঘটনা গাংনী থানায় আগে ঘটেনি। তদন্ত সাপেক্ষে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করতে গিয়ে দেখা গেছে ভেতরে কোনো বিস্ফোরক নেই।


