বাড়তি লাভের আশায় মজুত করেন ১৮০ ব্যারেল ভোজ্যতেল

বরগুনায় বাড়তি লাভের আশায় অবৈধভাবে মজুত করা ১৮০ ব্যারেল ভোজ্যতেল উদ্ধার করেছে র্যাব। এ সময় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
রোববার (১৯ এপ্রিল) বিকেল তিনটার দিকে জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী র্যাব-৮ সিপিসি-১-এর সদস্যরা কাকচিড়া বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানে দয়াল এন্টারপ্রাইজ ও খাদিজা এন্টারপ্রাইজ নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠানের গুদামে তল্লাশি চালিয়ে মোট ১৮০ ব্যারেল ভোজ্যতেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তেলের পরিমাণ প্রায় ৩৬ হাজার ৭২০ লিটার বলে জানানো হয়েছে।
ভোক্তা অধিকার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অপরাধে দায়ে দয়াল এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা এবং খাদিজা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে উদ্ধার করা ভোজ্যতেল ন্যায্যমূল্যে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রির নির্দেশনা দেয় ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাশেদ বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে জিম্মি করার সুযোগ কাউকে দেওয়া হবে না। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং সরকারের নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।