কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার কাটটারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার ছেলে আসাদুজ্জামান মানিককে (২৯) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে পার্শ্ববর্তী ভুরুঙ্গামারী থানায় বিয়ে করেন মানিক। তার স্ত্রীর সঙ্গে কয়েক মাস ধরে পারিবারিক কলহ চলে আসছে। এ ঘটনায় আসাদুজ্জামান মানিক মানসিক সমস্যায় ভুগছিলেন। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বাবা আব্দুল খালেক ও ছেলে মানিকের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ঘরে থাকা শাবল দিয়ে মানিক তার বাবা আব্দুল খালেকের মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান এশিয়া পোস্টকে বলেন, অভিযুক্ত ছেলে মানিককে আটক করা হয়েছে। মানিক কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।