logo

পাসপোর্ট অফিসে দুই ভুয়া সাংবাদিক আটক

পাসপোর্ট অফিসে দুই ভুয়া সাংবাদিক আটক

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে দুজনকে আটক করা হয়। তাদের মধ্যে মনিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নেওয়ার দায়ে সাত দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই দণ্ড দেওয়া হয়।

জানা গেছে, বুধবার সকালে মনিরুল নিজেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির সাংবাদিক পরিচয় দিয়ে দ্রুত পাসপোর্ট করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তিনজন সেবাগ্রহীতার কাছ থেকে মোট ৩৯ হাজার টাকা নেন। এরপর আত্মীয় পরিচয় দিয়ে তাদের পাসপোর্টের কাজ এগিয়ে দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি সন্দেহ হলে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ জেলা প্রশাসনকে জানায়। খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম ঘটনাস্থলে পৌঁছে মনিরুলকে আটক করে। তাৎক্ষণিক শুনানি শেষে ভ্রাম্যমাণ আদালতে তাকে সাজা দেওয়া হয়।

পরে এসএ টিভি কর্তৃপক্ষ থেকেও নিশ্চিত করা হয়, মনিরুল ইসলাম তাদের কর্মী নন।

একই অভিযানে মিয়া মোহাম্মদ মুরাদ হোসেন নামে আরেক ব্যক্তিও আটক হন। তিনি নিজেকে ‘বাংলা সংবাদ’ পত্রিকার সম্পাদক পরিচয় দিয়ে পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের কাছে চাঁদা দাবি করছিলেন বলে অভিযোগ। গোপন ক্যামেরায় তার কর্মকাণ্ড ধরা পড়ার পর ভ্রাম্যমাণ আদালত তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহমেদ বলেন, সরকারি সেবা নিতে আসা মানুষের সঙ্গে এ ধরনের প্রতারণার কোনো সুযোগ নেই। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই আমরা জেলা প্রশাসনকে জানিয়েছি। ভবিষ্যতেও এ ধরনের অপতৎপরতা রোধে আমরা কঠোর থাকব।