logo

দুই সহকারী অধ্যাপকের নামে কাফনের কাপড়

দুই সহকারী অধ্যাপকের নামে কাফনের কাপড়

নাটোরের গুরুদাসপুর উপজেলায় রোজী মোজাম্মেল মহিলা কলেজের দুই সহকারী অধ্যাপকের নামে ডাকযোগে কাফনের কাপড় পাঠানোর ঘটনা ঘটেছে।

রোববার (১২ এপ্রিল) সকালে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

রোজী মোজাম্মেল মহিলা কলেজের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন ও আব্দুস সামাদের নামে স্থানীয় পোস্ট অফিসের মাধ্যমে পৃথকভাবে কাফনের কাপড় পাঠানো হয়। ডাকযোগে আসা এসব পার্সেল গ্রহণের পর বিষয়টি জানাজানি হলে সহকর্মীদের মধ্যে চরম উৎকণ্ঠা দেখা দেয়।

কলেজ সূত্রে জানা যায়, সম্প্রতি প্রতিষ্ঠানটিতে পরিচালনা পর্ষদের সভাপতির পরিবর্তন হয়েছে। এ প্রেক্ষাপটে কোনো গোষ্ঠীগত দ্বন্দ্ব বা অভ্যন্তরীণ বিরোধের জেরে এমন ঘটনা ঘটেছে কি না, তা নিয়েও নানা আলোচনা চলছে। যদিও এ বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

শিক্ষক আনোয়ার হোসেন জানান, এ ধরনের ঘটনা সরাসরি প্রাণনাশের হুমকির ইঙ্গিত। আমরা শিক্ষকতা পেশায় নিয়োজিত। কোনো বিরোধ বা শত্রুতা আছে বলে আমাদের জানা নেই। হঠাৎ এভাবে কাফনের কাপড় পাঠানোয় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

কলেজের অধ্যক্ষ মাহতাব উদ্দিন বলেন, আমার প্রতিষ্ঠানের দুইজন শিক্ষকের নামে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। আমরা শিক্ষকদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

গুরুদাসপুর ওসি মনজুরুল আলম জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, পার্সেলগুলোর প্রেরকের ঠিকানা সিরাজগঞ্জ জেলার। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করে তদন্ত শুরু করা হবে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।