logo
Advertisement

চলন্ত ট্রেনের ছাদে দৌড়ে গাছের ডালে ধাক্কা, প্রাণ গেল কিশোরের

এশিয়া পোস্ট নিউজ,ফরিদপুর
চলন্ত ট্রেনের ছাদে দৌড়ে গাছের ডালে ধাক্কা, প্রাণ গেল কিশোরের
নিথরভাবে পড়ে থাকা হাত। প্রতীকী ছবি

ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের দৌড়াদৌড়ি করার সময় ছাদ থেকে পড়ে জাহিদুল (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাজেদুল শেখ নামে আরও এক কিশোর গুরুতর আহত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের চতুল উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ভাটিয়াপাড়া এক্সপ্রেসে এ দুর্ঘটনা ঘটে।

উপজেলার ময়না ইউনিয়নের ইছাখালী গ্রামের মিল্টন শেখের ছেলে জাহিদুল। আহত সাজেদুল শেখ একই গ্রামের কাইয়ুম শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীর উদ্দেশে ছেড়ে যাওয়া ভাটিয়াপাড়া এক্সপ্রেসের ছাদে উঠে দুই কিশোর দৌড়াদৌড়ি করছিল। ট্রেনটি চতুল উচ্চ বিদ্যালয় এলাকায় পৌঁছালে রেললাইনের পাশের একটি কাঁঠালগাছের ডালের সঙ্গে তাদের ধাক্কা লাগে। এতে দুজনই ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে যান।

পরে ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় জাহিদুলের। স্থানীয়রা গুরুতর আহত সাজেদুলকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তমাল কৃষ্ণ রায় এশিয়া পোস্টকে জানান, সাজেদুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রয়েল আহমেদ এশিয়া পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এশিয়া পোস্টকে বলেন, ঘটনাটি রেলওয়ে পুলিশের এখতিয়ারধীন। মরদেহ উদ্ধারের পর ভাঙ্গা রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় :