নাব্যতা সংকটে ধুঁকছে পটুয়াখালী লঞ্চঘাট

দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথ পটুয়াখালী লঞ্চঘাটে তীব্র নাব্যতা সংকট দেখা দিয়েছে। লোহালিয়া নদীতে পলি জমে বালুচর সৃষ্টি হওয়ায় লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে। এতে যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা পড়ছেন চরম ভোগান্তিতে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, নদীর বিভিন্ন অংশে পানি কমে লঞ্চ আটকে পড়ছে। লঞ্চচালক মো. নাসির উদ্দিন খাঁন বলেন, জোয়ার-ভাটার সময় লক্ষ্য না রাখলে লঞ্চ চরে আটকে যায়। এতে যাত্রীদের পাশাপাশি লঞ্চচালকরাও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সহসভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি বলেন, নদীর নাব্যতা হারাচ্ছি। ড্রেজিং কার্যকর হচ্ছে না। এমপি এবং মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যাতে পটুয়াখালীর নদী ও লঞ্চঘাট রক্ষা করা হয়।
লঞ্চঘাটের একাধিক শ্রমিকরা জানান, আগে এখানে ৮০-৯০ জন কাজ করলেও এখন লঞ্চ ও যাত্রী কমে যাওয়ায় অনেকের জীবিকা সংকটে। ব্যবসায়ীরাও ক্ষতির মুখে।
স্থানীয়রা দাবি করছেন, দ্রুত টেকসই ড্রেজিং এবং নদী রক্ষায় কার্যকর উদ্যোগ না নিলে পটুয়াখালী লঞ্চঘাট ভবিষ্যতে কার্যত বন্ধ হওয়ার পথে।
এ বিষয়ে আইডব্লিউটিএ বরিশাল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মামুন-উর-রশীদ এশিয়া পোস্টকে বলেন, নদীর পলি জমার মূল কারণ স্রোত কম থাকা। আমরা ২৫০ ফুট প্রস্থ ধরে লঞ্চ চলাচলের জন্য নাব্যতা নিশ্চিত করছি। ধাপে ধাপে স্বাভাবিক চলাচল ফিরিয়ে আনা হবে।