logo

রমেকে হামের উপসর্গ নিয়ে প্রথম শিশুর মৃত্যু

রমেকে হামের উপসর্গ নিয়ে প্রথম শিশুর মৃত্যু

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার  (১৭ এপ্রিল) দুপুরে হাসপাতালের শিশু ওয়ার্ডে ওই শিশুর মৃত্যু হয়। এই প্রথম হাম উপসর্গ নিয়ে রমেক হাসপাতালে শিশুর মৃত্যু হলো। শিশুটির চিকিৎসায় কর্মরত নার্স ও ওয়ার্ডবয় অসহযোগিতা করেছেন বলে অভিযোগ তার মায়ের।

মৃত শিশু তানজিদের বয়স সাত মাস। সে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের আনন্দবাজার এলাকার রিয়াজুল ইসলামের ছেলে। রমেকের শিশু বিভাগের প্রধান আয়েশা সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটি লালমনিরহাট সদর হাসপাতালে ১২ থেকে ১৪ দিন ভর্তি ছিল। তারপর র‍্যাশ হওয়ার পরে ১৫ এপ্রিল আমাদের এখানে পাঠিয়েছিল। প্রথম থেকে শিশুটির পরিস্থিতি খুব খারাপ ছিল।

শিশুটির মা তিথি মনি মুঠোফোনে বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু তানজিদকে প্রথমে হাম কর্নারে রাখা হয়েছিল। পরে একজন চিকিৎসক বলেন, ওর হাম হয়নি। তখন সাধারণ শিশু ওয়ার্ডে রাখা হয়। অক্সিজেন সরবরাহসহ তানজিদের চিকিৎসায় কর্মরত নার্স ও ওয়ার্ডবয়ের অসহযোগিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি ।

এ বিষয়ে রমেকের শিশু বিভাগের বিভাগীয় প্রধান আয়েশা সুলতানা বলেন, বিষয়টি আমার কানেও এসেছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে পরিচালক স্যারের রুমে গিয়েছিলাম এ নিয়ে কথা বলতে। তিনি নার্স ইনচার্জ ও ওয়ার্ড মাস্টারকে ডেকে নতুন করে রোস্টার করতে বলেছেন।

রমেক হাসপাতালের প্রশাসন সূত্র জানায়, আজ সকাল ৯টা পর্যন্ত রমেকে মোট ২২টি শিশু হামের উপসর্গ নিয়ে হাম কর্নারে ভর্তি আছে। ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ৭ শিশু। একই সময়ে ছাড়া পেয়েছে চার শিশু।