logo

স্টেশনে হামলা অপরাধ দমনে বাধার অপচেষ্টা: কোস্টগার্ড মহাপরিচালক

স্টেশনে হামলা অপরাধ দমনে বাধার অপচেষ্টা: কোস্টগার্ড মহাপরিচালক
মোংলায় হামলার শিকার স্টেশন পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কোস্টগার্ড মহাপরিচালক মো. জিয়াউল হক। ছবি: এশিয়া পোস্ট

সুন্দরবনের জয়মনির ঘোল এলাকায় অবস্থিত কোস্টগার্ড স্টেশন হারবারিয়ায় হামলায় ঘটনাকে উদ্বেগজনক ও নিন্দনীয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক।

তিনি বলেন, হামলা শুধু সরকারি সম্পদের ক্ষতি নয়, সুন্দরবনে চলমান অপরাধ দমন কার্যক্রমকে বাধাগ্রস্ত করার একটি অপচেষ্টা। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। তাদেরকে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে।

বাগেরহাটের মোংলায় হামলার শিকার স্টেশনটি বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কোস্টগার্ড মহাপরিচালক।

তিনি বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। হামলার পেছনে যারা রয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এক জেলে নিখোঁজের ঘটনায় গত ১১ জুন দুপুরে কোস্টগার্ডের স্টেশনটিতে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে মোংলা থানা পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ডের অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোস্টগার্ড মহাপরিচালক বলেন, হারবারিয়া স্টেশন স্থাপনের ফলে বনদস্যুদের রসদ ও অস্ত্র সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ বন্ধ হয়ে গেছে। এতে ক্ষুব্ধ হয়ে অপরাধী চক্র এই হামলার ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উপকূলীয় অঞ্চলের জনগণকে কোনো ধরনের গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সুন্দরবন এলাকায় সংঘটিত যেকোনো অপরাধ সম্পর্কে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ তথ্য দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, সুন্দরবনে আইনশৃঙ্খলা রক্ষা, বনদস্যুতা দমন এবং অপরাধ নিয়ন্ত্রণে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।