logo

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩
নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক কিশোর। ছবি: এশিয়া পোস্ট

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ১৬৩ জনকে আটক করেছে জেলা পুলিশ। এর মধ্যে দুজনকে পূর্বের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ৯ জনকে দণ্ডবিধির ৩৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, সুধারাম মডেল থানায় ২৮ জনকে আটক করা হয়। তাদের মধ্যে চারজনকে ৩৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং ২৪ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। কোম্পানীগঞ্জ থানায় তিনজন, বেগমগঞ্জ মডেল থানায় ৩৭ জন, সেনবাগ থানায় ৯ জন, চরজব্বর থানায় সাতজন, সোনাইমুড়ী থানায় পাঁচজন এবং কবিরহাট থানায় পাঁচজনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

এ ছাড়া হাতিয়া থানায় ৬৯ জনকে আটক করা হয়। তাদের মধ্যে দুজনকে পূর্বের মামলায় গ্রেপ্তার, পাঁচজনকে ৩৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি ৬২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।