সিদ্ধিরগঞ্জে অবৈধ মজুত ১৩ হাজার লিটার ডিজেল জব্দ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বার্মা স্ট্যান্ড এলাকায় অবৈধভাবে মজুত করা সাড়ে ১৩ হাজার লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়েজ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আটকরা হলেন—মো. জসিম ও মোহাম্মদ হোসেন ভূঁইয়া।
অভিযান সূত্রে জানা যায়, অবৈধভাবে মজুত করা ডিজেলসহ দুটি ট্যাংকলরি জব্দ এবং ফিলিং স্টেশনের মিটার সংযুক্ত ট্যাংক সিলগালা করা হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের জন্য আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও ফয়েজ উদ্দিন।
ফয়েজ উদ্দিন জানান, অভিযানের সময় বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় (নারায়ণগঞ্জ-চ-০১-০০২৯ এবং পিরোজপুর-ঢ-৪১-০০৪৮ নম্বরবিশিষ্ট) দুটি ট্যাংকলরি জব্দ করা হয়। এসব লরিতে ১৩ হাজার ৫০০ লিটার ডিজেল মজুত ছিল। এছাড়া জ্বালানি সরবরাহে ব্যবহৃত দুটি ফিলিং স্টেশন মিটার জব্দ করা হয়েছে। জব্দ ট্যাংকলরি দুটি সিদ্ধিরগঞ্জ থানা হেফাজতে নেওয়া হয়েছে।