Advertisement

খাগড়াছড়িতে দুই স্কুলে শেখানো হবে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা

এশিয়া পোস্ট নিউজ, খাগড়াছড়ি
খাগড়াছড়িতে দুই স্কুলে শেখানো হবে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা
খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর তিনটি ভাষা শিক্ষায় ক্লাব চালু। ছবি: এশিয়া পোস্ট

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাইস্কুলে শেখানো হবে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা।

সোমবার (২০ জুলাই) সকালে স্কুল দুটিতে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাব উদ্বোধন করা হয়েছে।

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।

তিনি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণ, চর্চা এবং নতুন প্রজন্মের মধ্যে ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরির লক্ষ্যে এই ভাষা শিক্ষা ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ উদ্যোগ পারস্পরিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশেও ইতিবাচক অবদান রাখবে।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থী মৌটুসী ত্রিপুরা বলে, নিজের মাতৃভাষা শেখার এমন সুযোগ পেয়ে আমি খুব আনন্দিত। নিয়মিত ক্লাসের মাধ্যমে ভাষাটি আরও ভালোভাবে শিখতে চাই।

নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাইস্কুলের শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্বারক। ছবি: এশিয়া পোস্ট
নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাইস্কুলের শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্বারক। ছবি: এশিয়া পোস্ট

আরেক শিক্ষার্থী আদিত্য চাকমা বলে, আমাদের মাতৃভাষা শেখার পাশাপাশি নিজেদের সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগও তৈরি হবে। এই ক্লাব আমাদের জন্য খুবই উপকারী হবে।

অভিভাবক চিংমা মারমা বলেন, এ ধরনের উদ্যোগ আমাদের সন্তানদের নিজস্ব ভাষা ও সংস্কৃতির সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করবে। আমরা এ আয়োজনকে স্বাগত জানাই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার, সেনা রিজিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তা, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠান শেষে নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাইস্কুলের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও অভ্যন্তরীণ প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্বারক তুলে দেন অতিথিরা।

বিষয় :খাগড়াছড়ি