logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

বগুড়ায় সাভার ফুড প্রোডাক্টসকে ১ লাখ টাকা জরিমানা

বগুড়ায় সাভার ফুড প্রোডাক্টসকে ১ লাখ টাকা জরিমানা
বগুড়ার সদর উপজেলার এরুলিয়া এলাকায় ‘সাভার ফুড প্রোডাক্টস’ কারখানায় মেঝেতে রাখা চানাচুর পরিদর্শন করছেন অভিযানের সংশ্লিষ্ট কর্মকর্তারা। ছবি : এশিয়া পোস্ট

বগুড়ার সদর উপজেলার এরুলিয়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি ও সংরক্ষণের দায়ে একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

Advertisement

জরিমানা করা প্রতিষ্ঠানটির নাম ‘সাভার ফুড প্রোডাক্টস’। প্রতিষ্ঠানটি ‘রকেট চানাচুর’ নামে পণ্য উৎপাদন করে আসছিল। কারখানাটি সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদিঘী এলাকায় অবস্থিত।

অভিযান সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত কারখানাটিতে অভিযান চালানো হয়। এ সময় চানাচুর তৈরিতে পোড়া তেল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। তৈরি খাবার পাখির বিষ্ঠাযুক্ত নোংরা মেঝেতে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা হচ্ছিল। স্টেইনলেস স্টিলের ট্রে ব্যবহার না করে মেঝেতে চানাচুর ফেলে পায়ে মাড়িয়ে মসলা মেশানো হচ্ছিল। এ ছাড়া খাদ্য তৈরিতে শিল্পকারখানায় ব্যবহৃত লবণ, অপরিচ্ছন্ন পরিবেশ এবং কর্মীদের স্বাস্থ্যবিধি না মানার বিষয়টি ধরা পড়ে।

এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল ও ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

মেহেদী হাসান বলেন, ভবিষ্যতে আইন মেনে নিরাপদ খাদ্য উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।